রাজধানী ঢাকার আকাশ আজ মঙ্গলবার সকাল থেকেই মেঘলা। সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে ঢাকা ও দেশের উপকূলীয় অঞ্চলের অনেক জায়গায় একই পরিস্থিতি বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গল্বার (২৮ জুলাই) দুপুরের পর রাজধানীতে বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা আজ সকালে প্রথম আলোকে বলেন, সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এখন স্থলভাগে উঠে এসেছে। এটি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে আজ থেকে আগামী অন্তত দুই দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
সাগরের এই পরিস্থিতির কারণে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, আজ দুপুর ১২টার পর ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। মোটামুটি সারা দিনই আকাশ মেঘলা থাকতে পারে। তবে আগামীকাল বুধবার থেকে রাজধানীর আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করতে পারে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ছাড়াও রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের অনেক স্থানে আজ বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি চলতি মাসের শেষ দিন পর্যন্ত বিচ্ছিন্নভাবে চলতে পারে।
বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কিছুটা কমে এসেছে। গতকাল সোমবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি। বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে।
উল্লেখ্য, চলতি জুলাই মাসের প্রথমার্ধে সারা দেশে ব্যাপক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৯টি জেলায় বন্যা দেখা দিয়েছিল। এতে ফসলহানির পাশাপাশি পাহাড়ধস ও বন্যায় অন্তত ৫৯ জনের মৃত্যু হয়। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এবারের দফায় আগের মতো অতিবৃষ্টির সম্ভাবনা কম। আগামী মাসের শুরু থেকে বৃষ্টিপাত কমে যেতে পারে।
\
আপনার মতামত লিখুন