কর্মস্থলে উপস্থিত না থেকে বাড়িতে অবস্থান করেও ‘মাঠে কাজ করছেন’ বলে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে রংপুরের মিঠাপুকুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের এক কর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। অভিযুক্ত মোছা. ইতি খাতুন ওই কার্যালয়ের শিশু সুরক্ষা সমাজকর্মী (সিএসপিবি) হিসেবে কর্মরত।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল হামিদ স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে এই শোকজ করা হয়। ওই চিঠিতে ইতি খাতুনকে আগামী তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দাপ্তরিক পত্রে অভিযোগ করা হয়েছে, ইতি খাতুন দীর্ঘ দিন ধরে কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকছেন। তিনি নিয়মিত অফিসে না এসে বাড়িতে অবস্থান করতেন, অথচ হাজিরা বা কৈফিয়তের ক্ষেত্রে দাবি করতেন যে তিনি ‘মাঠে দাপ্তরিক কাজে’ নিয়োজিত আছেন। তার এমন আচরণকে সরকারি চাকরির শৃঙ্খলা ও নিয়মনীতির চরম পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে।
শোকজ পত্রে আরও বলা হয়, ইতি খাতুনের বিরুদ্ধে অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণেরও একাধিক অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ড সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। কেন তার বিরুদ্ধে চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। চিঠির অনুলিপি রংপুরের জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের কাছেও পাঠানো হয়েছে।
এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল হামিদ সংবাদকে বলেন, ‘ইতি খাতুন সরকারি চাকরিবিধির কোনো তোয়াক্কা করেন না। তিনি কর্মস্থলে ফাঁকি দিয়ে বাড়িতে থাকেন এবং মিথ্যা অজুহাত দেখান। তার বিরুদ্ধে মৌখিক ও লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা যথাযথ প্রমাণ সাপেক্ষে তাকে শোকজ করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, জবাব পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগের বিষয়ে জানতে ইতি খাতুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন