হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
ডা. মিতু জানান, গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ফেরার পথে তাদের ওপর এই ‘ভয়াবহ’ হামলা চালানো হয়। হামলার সময় গাড়িতে মিতুর সঙ্গে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও অন্য নেতারা ছিলেন।
ফেসবুক পোস্টে মাহমুদা মিতু লিখেছেন, ‘শহীদ পরিবারের সাথে প্রোগ্রাম করে ফেরার পথে সিলেটের গোলাপগঞ্জে আবারও ভয়াবহ হামলা করলো বিএনপির সন্ত্রাসীরা। গাড়িতে আমি, সার্জিস (সারজিস) এবং অন্যান্য কয়েকজন ছিলাম। এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে।’
গাড়ির ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের গাড়ির ডান পাশের এবং পেছনের গ্লাসগুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলছে।’
এ সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘পুলিশ নির্বিকার হয়ে দাঁড়িয়েছিল। তারেক রহমানের কাছে জবাব চাওয়া যাবে না, তাতে আবার নাকি বেয়াদবি হবে।’
পোস্টের সঙ্গে তিনি দুটি ছবিও যুক্ত করেছেন, যেখানে গাড়ির পেছনের কাচ ভাঙা দেখা গেছে।
এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জেও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলার জন্যও ছাত্রদল ও বিএনপিকে দায়ী করেছিল এনসিপি।
আপনার মতামত লিখুন