সাপ্তাহিক ছুটি ও ন্যূনতম মজুরিসহ ৪ দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন গৃহশ্রমিকেরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে রংপুর গৃহ পরিচারিকা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকার বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।
গৃহশ্রমিকদের ৪ দফা দাবির মধ্যে রয়েছে- সাপ্তাহিক ছুটি নিশ্চিত করা, ফ্যামিলি কার্ড প্রদান, কর্মঘণ্টা নির্ধারণ সাপেক্ষে ন্যূনতম মজুরি এবং গৃহশ্রমিক ও তাদের সন্তানদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।
দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে থেকে কয়েক শ গৃহশ্রমিক একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারিবাজার এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করে।
সংগঠনের সভাপতি আলপনা বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপদেষ্টা আব্দুল কুদ্দুস, গৃহশ্রমিক আমেনা খাতুন, হাসনা হেনা ও সংগঠক রিনা মুরমু। বক্তারা বলেন, জীবিকার তাগিদে হাজার হাজার নারী অন্যের বাড়িতে শ্রম দিলেও তাদের কাজের কোনো নিশ্চয়তা নেই। অসুস্থতার কারণে কাজে যেতে না পারলে অনেক সময় চাকরি হারাতে হয়। সাপ্তাহিক ছুটি তো দূরের কথা, ঈদ-পূজাতেও অনেক সময় ছুটি পাওয়া যায় না।
বক্তারা আরও জানান, উপযুক্ত মজুরি না পাওয়ায় তারা সন্তানদের পড়াশোনার খরচ জোগাতে পারছেন না। ফলে অর্থাভাবে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোনোর আগেই শিশুদের শিক্ষা জীবন থেকে বিদায় নিতে হচ্ছে। মানবেতর জীবন থেকে বাঁচতে অবিলম্বে ৪ দফা দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা। সমাবেশ শেষে রংপুরের জেলা প্রশাসক রুহুল আমিনের কাছে দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করা হয়।
/
আপনার মতামত লিখুন