বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬ মেয়াদের বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের (বিএনপি সমর্থিত) প্রার্থী অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু এবং সাধারণ সম্পাদক পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন মল্লিক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনভর ভোটগ্রহণ শেষে রাত ১২টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে শেখ ওয়াহিদুজ্জামান দিপু ২৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. জালাল উদ্দিন মল্লিক ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন হৃদয় ২৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন—সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল ওলি (২৩৩ ভোট), জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট শেখ মো. সাহিবুর রহমান সাহেব (২২০ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক পদে এস এম মাহবুব মোর্শেদ লালন (২৪৫ ভোট) এবং অর্থ ও হিসাব বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ মনিরুজ্জামান (২৬৫ ভোট)।
সহকারী সম্পাদক পদে মকবুল হোসেন (গ্রন্থাগার ও আসবাবপত্র), মো. সাজ্জাদ হোসেন (ক্রীড়া) এবং বি এম নূরুল ইসলাম (সাহিত্য ও সংস্কৃতি) নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন শারমিন আক্তার, মো. কামরুল ইসলাম সুমন, মো. সাইদুল ইসলাম এলিন, বিজয়া লোপা, আয়েশা সিদ্দিকা, ফকির ইসাদুল হক ও জান্নাতুল ফেরদৌস।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সমেন্দ্রনাথ দত্ত জানান, অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটার ও প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করায় একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে।
আপনার মতামত লিখুন