পড়াশোনার চাপ আর মায়ের বকুনি সইতে না পেরে ঘর ছেড়েছিল রাজধানীর ধানমন্ডি এলাকার দুই বন্ধু। বাসে বা পায়ে হেঁটে নয়, একেবারে ট্রেনে চড়ে পাড়ি দিয়েছিল প্রায় ১০০ কিলোমিটার পথ। তবে শেষ পর্যন্ত কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সহায়তায় ফিরে পেয়েছে তাদের পরিবার।
উদ্ধার হওয়া দুই শিশু হলো মোহাম্মদ সানি (১১) ও তোফায়েল আহমেদ (১১)। তারা দুজনই ধানমন্ডি লেকপাড় এলাকায় বসবাস করে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে ধানমন্ডি লেকপাড়ে খেলার সময় সহপাঠীদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে সানি ও তোফায়েল। বাসায় ফিরলে মা বকাঝকা করতে পারেন—এমন ভয়ে তারা কাজ করার উদ্দেশ্যে দূরে কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই রাতেই তারা তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে ‘এগারসিন্দুর গোধূলি’ ট্রেনে চড়ে বসে। রাত সাড়ে ১০টার দিকে তারা কুলিয়ারচর স্টেশনে নামে।
অপরিচিত পরিবেশে শিশুদের উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে সন্দেহ হয় স্থানীয় হকার হৃদয় মিয়ার (২৫)। তিনি তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বুঝতে পারেন এবং নিরাপত্তার কথা ভেবে তাদের নিজের বাড়িতে নিয়ে যান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে।
হৃদয় মিয়া জানান, শিশুরা তাকে জানিয়েছে—পড়াশোনায় মন না দেওয়ায় মাঝেমধ্যেই তাদের পরিবারের বকুনি খেতে হতো। সেই অভিমান থেকেই তারা ঘর ছাড়ে।
সানির মা রহিমা আক্তার জানান, তিনি একটি রেস্টুরেন্টে কাজ করেন। সানির বাবা দ্বিতীয় বিয়ে করে আলাদা থাকেন। অন্যদিকে তোফায়েলের বাবা বাবুল মিয়া পেশায় রিকশাচালক। দুই পরিবারই সন্তানদের হারিয়ে চরম উদ্বেগের মধ্যে ছিল।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজী আরিফ উদ্দিন বলেন, ‘পরিবারের শাসনের ভয়ে শিশু দুটি পালিয়ে এসেছিল। খবর পেয়ে পরিবারের সদস্যরা থানায় এলে পরিচয় নিশ্চিত করে আমরা তাদের হস্তান্তর করি। শিশুদের শাসন করার ক্ষেত্রে অভিভাবকদের আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন।’
আপনার মতামত লিখুন