ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। রোববার (২ আগস্ট) দুপুরে প্রতিবেশীদের সহায়তায় দুই ছেলেকে ধরে পুলিশে সোপর্দ করেন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত আজদু মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) ও মতি মিয়া (২৬)। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে পুলিশ তাদের কারাগারে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পারভীন আক্তারের পাঁচ ছেলের মধ্যে এই দুজন কয়েক বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকার জন্য তারা প্রায়ই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেন। মা তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। সম্প্রতি মাদকের টাকার জন্য দুই ভাই আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং মাকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতে শুরু করেন।
২ আগস্ট সকালে মায়ের কাছে মাদকের জন্য টাকা দাবি করেন দুই ভাই। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ঘরের আসবাব ভাঙচুর করেন এবং মাকে হত্যার হুমকি দেন। নিরুপায় হয়ে প্রতিবেশীদের সহায়তায় তাদের পুলিশে সোপর্দ করেন মা। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড দেন।
এর আগে শুক্রবার (৩১ জুলাই) একই উপজেলার আতিকুড়া গ্রামে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বরজু মিয়া নামে এক বাবা তার ছেলে মো. নজরুলকে পুলিশের হাতে তুলে দেন। ভ্রাম্যমাণ আদালত তখন নজরুলকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিলেন।
আপনার মতামত লিখুন