টাঙ্গাইলের মধুপুরে জনভোগান্তি লাঘবে নিজস্ব অর্থায়নে টিউবওয়েল সংস্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২ আগস্ট) বেলা ১১টার দিকে কুড়াগাছা ইউনিয়নের পাহাড়িয়া ধরাটি গ্রামের রাজুর মোড় এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এই মানবিক উদ্যোগের উদ্বোধন করেন। স্থানীয়দের দীর্ঘদিনের সুপেয় পানির অভাব দূর করতে তিনি ব্যক্তিগত তহবিল থেকে এই টিউবওয়েলটি সংস্কার করে দেন। এরপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ওই এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় সুপেয় পানির সংকট ছিল। টিউবওয়েলটি সংস্কার হওয়ায় বাজারের ব্যবসায়ী, পথচারী ও মুসল্লিদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।
কর্মসূচি উদ্বোধনের সময় রবিউল ইসলাম বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাধারণ মানুষের সেবায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনগণের কষ্ট লাঘবে এই ধরনের জনকল্যাণমূলক কাজ আগামীতেও অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় বিএনপি নেতা নেকবার আলী, রেজাউল করীম, আবু হানিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন