মানিকগঞ্জের হরিরামপুরে রিকশাচালক স্বামীকে গলা কেটে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিনা আক্তারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ১১ বছর বিদেশে পলাতক থাকার পর সম্প্রতি দেশে ফিরে সাভার থেকে তিনি ধরা পড়েন।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে সাভারের বিরুলিয়া এলাকার একটি বাড়ি থেকে হরিরামপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সেলিনা আক্তার হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কদমতলা গ্রামের জনাব আলীর মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১১ সালের শুরুর দিকে পরকীয়া নিয়ে বিরোধের জেরে রিকশাচালক স্বামীকে গলা কেটে হত্যা করেন সেলিনা আক্তার। এই ঘটনায় ২০১৩ সালে হরিরামপুর থানায় হত্যা মামলা করা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সেলিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে মামলার পর থেকেই তিনি কৌশলে দেশ ছেড়ে সৌদি আরব পাড়ি জমান। দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে প্রায় দুই মাস আগে তিনি গোপনে দেশে ফেরেন।
হরিরামপুর থানা-পুলিশ জানায়, সেলিনা আক্তার সাভারের বিরুলিয়া এলাকায় তার ভাগ্নির বাড়িতে আত্মগোপন করে আছেন - এমন গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসাইন বলেন, ‘আসামি দীর্ঘ এক দশকের বেশি সময় সৌদি আরবে পলাতক ছিলেন। তিনি দেশে ফিরেছেন এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিক বিশ্বাস জানান, নিহত ব্যক্তি পেশায় রিকশাচালক এবং এলাকায় অত্যন্ত সজ্জন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। স্ত্রীর পরকীয়া ও পারিবারিক বিরোধের কারণেই তাকে নৃশংসভাবে প্রাণ হারাতে হয়েছিল।
আপনার মতামত লিখুন