দেশের প্রতিটি উপজেলায় জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার নামকরণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়েই দেশে আজ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই শহীদ ও আহতদের পরিবারের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সরকার বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যে কাজ চলছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার দুলদুল ক্যাম্পে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাই শহীদদের আত্মত্যাগের কারণেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসতে পেরেছে। বিএনপি ও বর্তমান সরকার আজীবন এই শহীদদের পরিবারের পাশে থাকবে। তাদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করা হবে।’
বিগত সরকারের সমালোচনা করে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘দীর্ঘ প্রায় ১৬ বছর এ দেশের জনগণকে সাথে নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে আমরা সেই সুফল পেয়েছি। যারা এই আন্দোলনে প্রাণ দিয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আল রাফসান সামির সার্বিক সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী।
ছাত্রনেতা মিনহাজুল আবেদীন নিঝুম, মারুফ সারওয়ার রুবেল ও সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় এই ক্যাম্পে প্রায় তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিএনপি, ছাত্রদল ও মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন