বাজারে পণ্যের অগ্নিমূল্য, ঘরে ভুতুড়ে বিদ্যুৎ বিল আর ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং—এসব জনদুর্ভোগের প্রতিকার চেয়ে জোটবদ্ধ হয়েছে নওগাঁর ১১টি রাজনৈতিক দল। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে ১১ দলীয় ঐক্যের ব্যানারে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন জোটের নেতারা।
স্মারকলিপিতে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও জনজীবনে নেমে আসা সংকটের চিত্র তুলে ধরা হয়। এতে বলা হয়, পর্যাপ্ত গ্যাসের অভাবে শিল্প-কারখানা ও কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নেতিবাচক প্রভাব পড়ছে। অন্যদিকে, বিদ্যুতের দফায় দফায় মূল্যবৃদ্ধি এবং বাজার সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েম, আমার বাংলাদেশ (এবি) পার্টির জেলা আহ্বায়ক কাজী আতিকুর রহমান, এমসিপির জেলা যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ, এলডিপির জেলা সাধারণ সম্পাদক শাহেন শাহ, জাগপার জেলা সদস্যসচিব আসাদুজ্জামান ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন প্রমুখ।
স্মারকলিপিতে জোটের পক্ষ থেকে ৭টি দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে-জরুরি ভিত্তিতে গ্যাস সংকট নিরসন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও ভুতুড়ে বিল বন্ধ করা, বাজার সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম স্মারকলিপিটি গ্রহণ করে বলেন, ‘১১ দলীয় ঐক্যের স্মারকলিপিটি আমরা পেয়েছি। এটি দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে।’
আপনার মতামত লিখুন