চাঁদপুরের হাজীগঞ্জে ছয় বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে সেলিম মজুমদার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া সেলিম মজুমদার একটি নির্মাণাধীন ভবনের কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম মজুমদার উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত তরিক উল্লার ছেলে। তিনি পৌর এলাকার এক প্রবাসীর নির্মাণাধীন ছয়তলা ভবনে কাজ করতেন। ভুক্তভোগী শিশুটি দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে সেলিমকে ‘দাদা’ বলে ডাকত। এই সম্পর্কের সুযোগ নিয়ে তিনি প্রায়ই শিশুটিকে চকলেট ও খাবারের লোভ দেখাতেন।
ঘটনার দিন দুপুরে শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে শিশুটির মা ওই নির্মাণাধীন ভবনের নিচতলার সিঁড়ির একটি কক্ষ থেকে তাকে কান্নারত অবস্থায় বের হতে দেখেন। পরে শিশুটি তার মায়ের কাছে নির্যাতনের বিষয়টি খুলে বলে। স্বজনরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান সংবাদকে বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত সেলিম মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন