গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেছেন, যে দেশের মাটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুয়ে আছেন এবং যে দেশের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, সেই দেশে মাদক কোনোভাবেই প্রশ্রয় পেতে পারে না।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা।
জেলা প্রশাসক বলেন, ‘মাদক ও সামাজিক অপরাধ থেকে শিক্ষার্থী, তরুণ ও আগামী প্রজন্মকে দূরে রাখতে সবাইকে সচেতন হতে হবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে সাধারণ মানুষের সহায়তা করা প্রয়োজন।’
গাইবান্ধাকে আলোকিত মানুষের জনপদ উল্লেখ করে তিনি বলেন, ‘র্যাবের মহাপরিচালকের বাড়িও এই জেলায়। এই আলোকিত জায়গায় মাদকের কোনো আখড়া থাকতে পারে না। গাইবান্ধা থেকেই মাদক নির্মূলের সর্বাত্মক অভিযান শুরু হবে।’
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, গাইবান্ধা সরকারি কলেজসহ জেলার সব শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত রাখতে হবে। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে পড়াশোনার পাশাপাশি সংস্কৃতিচর্চা ও খেলাধুলার প্রতি আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহা. রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।
অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ, শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান এবং গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন।
আপনার মতামত লিখুন