বরিশালে তথ্য ও সম্প্রচার অধিদপ্তরের নতুন আধুনিক ভবনের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগরীর নতুল্লাবাদ সংলগ্ন কাশিপুর ইছাকাঠি এলাকায় নবনির্মিত ভবনের ফিতা কেটে তিনি এর উদ্বোধন করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানের শুরুতে তিনি বরিশালবাসীকে শুভেচ্ছা জানান। আধুনিক প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘তথ্যপ্রযুক্তি এখন আগের চেয়ে অনেক উন্নত। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এখন দ্রুত সবকিছু জানা সম্ভব হচ্ছে। মানুষের পক্ষে যে কাজ দুই-তিন মিনিটে করা সম্ভব নয়, এআই তা কয়েক সেকেন্ডে করে দিচ্ছে।’
স্মার্টফোনের সক্ষমতা নিয়ে মন্ত্রী বলেন, ‘স্মার্টফোন দিয়ে এখন বিশ্বকে হাতের মুঠোয় পাওয়া যায়। আমাদের পরিকল্পনা রয়েছে প্রতিটি জেলায় তথ্য সিনেমা হল ও সিনে কমপ্লেক্স নির্মাণের, যেখানে থ্রিডি চলচ্চিত্র দেখার সুবিধা থাকবে।’ তিনি আরও জানান, প্রযুক্তির এই সেবাগুলো জেলা থেকে উপজেলা পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। ডিজিটাল জগতের বিশাল তথ্যভাণ্ডার এখন এআই-এর মাধ্যমে মুহূর্তেই বিশ্লেষণ করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকার, বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এবং পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক খান মনিরুজ্জামান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার ও আফরোজা খানম নাসরিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন