রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হাট বনগ্রাম বাজারে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে একদল ডাকাত তিনটি জুয়েলারি ও একটি ওষুধের দোকানের তালা কেটে স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকাসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল বনগ্রাম বাজারের রফিক উদ্দিন শপিং কমপ্লেক্সে হানা দেয়। ডাকাতরা প্রথমে বাজারের দুই নৈশপ্রহরী কালু ও জাকিরকে জিম্মি করে হাত-মুখ বেঁধে ফেলে। পরে তাদের বাজার থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি মাঠে নিয়ে ফেলে রাখা হয়।
ডাকাত দল মার্কেটের তিনটি জুয়েলারি দোকান-গ্যারান্টি জুয়েলার্স, সুস্মিতা জুয়েলার্স ও লক্ষ্মী জুয়েলার্সের তালা কেটে ভেতরে ঢোকে। গ্যারান্টি জুয়েলার্সের মালিক শ্যামল কুমার মজুমদার জানান, তার দোকান থেকে দেড় ভরি স্বর্ণ ও ৬৫ ভরি রুপাসহ প্রায় পৌনে সাত লাখ টাকার মালামাল লুট হয়েছে। লক্ষ্মী জুয়েলার্সের মালিক কৃষ্ণপদ বিশ্বাসের দাবি, তার দোকান থেকে সবচেয়ে বেশি-প্রায় ১১ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা। এ ছাড়া রাহুল ফার্মেসির ক্যাশ বাক্স ভেঙে নগদ দেড় লাখ টাকা লুট করা হয়েছে।
লক্ষ্মী জুয়েলার্সের মালিক কৃষ্ণপদ বিশ্বাস বলেন, ‘ভোরে খবর পেয়ে দোকানে এসে দেখি সব শেষ। ডাকাতরা আমাদের নিঃস্ব করে দিয়ে গেছে।’ বাজারের জনবহুল স্থানে এমন ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাঈনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা দোকান মালিকদের লিখিত অভিযোগ দিতে বলেছি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।’
আপনার মতামত লিখুন