সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক ও এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ সময়মতো ঘটনাস্থলে না আসার অভিযোগে মরদেহ মহাসড়কে রেখে প্রায় তিন ঘণ্টা অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
নিহতরা হলেন-পিকআপ ভ্যানের চালক রেজওয়ান হোসেন (৩৫) ও দুধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন (৩০)। রেজওয়ান নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাতান গ্রামের বাসিন্দা এবং সাদ্দাম বগুড়া সদরের হেলেনসা পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে শাহজাদপুরগামী একটি দুধবাহী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় চালক রেজওয়ানকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার খবর দেওয়ার পরও হাটিকুমরুল হাইওয়ে পুলিশ সময়মতো ঘটনাস্থলে না পৌঁছানোর অভিযোগে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
তারা দাবি করেন, পুলিশ দ্রুত এলে হয়তো আহত চালককে দ্রুত চিকিৎসা দিয়ে বাঁচানো সম্ভব হতো। এই অভিযোগে নিহতের মরদেহ মহাসড়কে রেখে বিক্ষোভ শুরু করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রায় তিন ঘণ্টা পর সলঙ্গা থানা পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কিশোর কুমার বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে।
আপনার মতামত লিখুন