পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসের লেকে চাষ করা মাছ এবার উঠল শিক্ষার্থীদের পাতে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লেক থেকে ধরা রুই, কাতলা, তেলাপিয়া ও পাঙ্গাশ মাছ প্রথমবারের মতো আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে থেকে পাঁচটি হলের প্রতিনিধিদের কাছে এই মাছ হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের এই ব্যতিক্রমী উদ্যোগে আবাসিক হলগুলোর প্রায় তিন হাজার শিক্ষার্থীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন ও লেকগুলো সচল রাখতে দীর্ঘদিন ধরে সেখানে মাছ চাষ করা হচ্ছে। তবে এবারই প্রথম সেই মাছ বাণিজ্যিকভাবে বিক্রি না করে শিক্ষার্থীদের খাবারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ছেলেদের তিনটি হল-শহীদ জিয়াউর রহমান হল, বিজয়-২৪ হল ও এম কেরামত আলী হল এবং মেয়েদের দুটি হল-রাবেয়া বসরী হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা এই মাছ পেয়েছেন।
কৃষি অনুষদের শিক্ষার্থী ফাইজুল ও সুমাইয়া উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘প্রতিদিন লেকের যে মাছগুলো চোখের সামনে দেখতাম, আজ সেগুলোই আমাদের পাতে উঠেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সৌজন্য আমাদের জন্য অনেক বড় পাওয়া।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হেমায়েত জাহান বলেন, ‘শিক্ষার্থীরাই এই বিশ্ববিদ্যালয়ের প্রকৃত মালিক-এই বার্তাটি আমরা দিতে চেয়েছি। শুধু কথায় নয়, কাজের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই যে বিশ্ববিদ্যালয়ের সম্পদ ও সুযোগ-সুবিধার ওপর শিক্ষার্থীদের অগ্রাধিকার সবচেয়ে বেশি। শিক্ষার্থীদের আনন্দ ও কল্যাণের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকেরাও। ভবিষ্যতে এ ধরনের মানবিক ও শিক্ষার্থী-বান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন