দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন - উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল।
শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত দুই নেতা আব্দুর রউফ ও আব্দুল জলিল সম্পর্কে আপন দুই ভাই। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের সমর্থকদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। সম্প্রতি উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় দুই পক্ষের সংঘর্ষ এবং বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনার পর তাদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো।
উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে দলীয় পদ-পদবি ব্যবহার করে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের অন্য নেতা-কর্মীদের বহিষ্কৃত এই দুই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভবিষ্যতে কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে বা বহিষ্কৃতদের সঙ্গে যোগাযোগ রেখে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, দলের ভাবমূর্তি বজায় রাখতে এবং শৃঙ্খলা ফেরাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাউকে ব্যক্তিগত স্বার্থে দলের নাম ব্যবহার করতে দেওয়া হবে না।
আপনার মতামত লিখুন