শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ, উন্নয়ন তহবিলে অনিয়ম এবং শ্মশানের জমি দখলের অভিযোগে তদন্তের মুখে পড়েছেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ সরকার। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ে তদন্ত শুরুর পর তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে বিদ্যালয়ে সরেজমিন তদন্ত করেন দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তদন্ত চলাকালে জগদীশ সরকারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সহকারী শিক্ষক শরিফুল ইসলামকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
স্থানীয় অভিভাবকদের অভিযোগ, অন্য বিদ্যালয়ে চলে যাওয়া বেশ কয়েকজন শিক্ষার্থীর উপবৃত্তির টাকা এই বিদ্যালয় থেকে উত্তোলন করা হলেও তা সংশ্লিষ্ট শিক্ষার্থীরা পায়নি। গত পাঁচ-ছয় মাস ধরে এমন অনিয়ম চলছে। এ ছাড়া বিদ্যালয়ের পরিবেশ অপরিচ্ছন্ন রাখা, শ্মশানের জমি নিয়ে বিতর্ক এবং প্রশাসনিক অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এর আগে জমি দখলের অভিযোগে বিদ্যালয়ের সামনে মানববন্ধনও করেন তাঁরা।
অভিযোগের বিষয়ে জগদীশ সরকার বলেন, বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী না থাকায় শিক্ষকেরাই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন। আর স্কুল চলাকালীন সময়ের সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সুযোগ দেওয়া সম্ভব হয় না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, জনপ্রতিনিধি ও স্থানীয়দের বক্তব্য নেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হবে। প্রতিবেদনের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন