কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত মাদক কারবারি শিপন রহমানসহ (৩৩) চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬০টি ইয়াবা বড়ি, মাদক সেবনের সরঞ্জাম, অনলাইন ক্যাসিনোতে ব্যবহৃত একটি স্মার্টফোন এবং নগদ ৮৩ হাজার টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার দেওয়ানের খামার ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলেন-শাকিল বাবু (১৯), হাসিবুল ইসলাম (৩২) ও ১৬ বছর বয়সী এক কিশোর। তাদের সবার বাড়ি উপজেলার দেওয়ানের খামার এলাকায়।
পুলিশ জানায়, দেওয়ানের খামার এলাকার ধানখেত ও সুপারি বাগানে নিয়মিত মাদক সেবন ও কেনাবেচা হচ্ছে-এমন খবরে ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়। বিস্তীর্ণ ফাঁকা জায়গা হওয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রায়ই অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যেতেন। বৃহস্পতিবার বিকেলে ওই এলাকা থেকে প্রথমে তিনজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মূল হোতা শিপন রহমানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, শিপন রহমান মাদক ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে অনলাইন ক্যাসিনো বা জুয়ার সঙ্গে জড়িত। তার ফোন থেকে জুয়ার অ্যাপ ও লেনদেনের তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জুয়া আইনে পৃথক মামলা করা হয়েছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন বলেন, ‘শিপন রহমান পুলিশের নজরদারিতে ছিলেন। বিশেষ অভিযানে সহযোগীদেরসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
আপনার মতামত লিখুন