চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পৃথক সময়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের মৃত রেজাউল হোসেনের ছেলে রাসেল হোসেন (২৫) এবং দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে আজিমুদ্দিন (১৫)। আজিমুদ্দিন দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার ঘোষনগর গ্রামে নিজ বাড়ির পাশে তামাকের জমিতে খড়ি গোছানোর কাজ করছিলেন রাসেল হোসেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসিফা আনজুম হিমু তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই রাসেলের মৃত্যু হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, দামুড়হুদা উপজেলার মদনা গ্রামে বজ্রপাতে প্রাণ হারায় স্কুলছাত্র আজিমুদ্দিন। পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য খাইরুল বাশার জানান, দুপুরে আজিমুদ্দিনের বাবা মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে মাঠে যাচ্ছিলেন আজিমুদ্দিন। পথে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দর্শনার একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, স্কুলছাত্র আজিমুদ্দিনের মৃত্যুর খবর পুলিশ জেনেছে। পৃথক দুটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন