চট্টগ্রামের রাউজানে একটি দুর্গা মন্দিরে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধীরেন্দ্র লাল ভট্টাচার্যের বাড়ির দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। চোরেরা মন্দির ছাড়াও একটি বসতঘর ও পুকুরে লুটপাট চালিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুরির আগে মন্দিরের আশপাশে থাকা চারটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর মন্দিরের প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা পূজার কাজে ব্যবহৃত পিতলের কলসসহ বিভিন্ন আসবাব লুট করে। একই রাতে মন্দিরের পাশে পংকজ ভট্টাচার্যের একটি তালাবদ্ধ বসতঘরের তালা ভেঙে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘরটিতে ওই সময় কোনো লোক ছিল না। এ ছাড়া মন্দিরের পেছনের একটি পুকুরে জাল ফেলে মাছও নিয়ে গেছে চোরের দল।
ক্ষতিগ্রস্ত পংকজ ভট্টাচার্য বলেন, ‘গত এক বছরে এ নিয়ে তিনবার আমার বাড়ি ও মন্দিরে চুরির ঘটনা ঘটল। আমি কর্মসূত্রে সপরিবার চট্টগ্রাম শহরে থাকি। এই সুযোগে বারবার চুরির ঘটনা ঘটছে।’ তিনি অবিলম্বে পুলিশ প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
পংকজ ভট্টাচার্যের ছোট ভাইয়ের স্ত্রী ঝর্ণা ভট্টাচার্য বলেন, ‘একই রাতে মন্দির, পুকুর ও ঘরে চুরি হয়েছে। বারবার এমন ঘটনায় আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। আমাদের জানমালের নিরাপত্তা দরকার।’
এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘আমি বর্তমানে ছুটিতে বাড়িতে আছি। চুরির বিষয়ে কোনো তথ্য আমার জানা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আপনার মতামত লিখুন