জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ ভেঙে পড়ে মা ও তার দুই মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-দাগী এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাতে খুকি বেগম তার দুই মেয়েকে নিয়ে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে হঠাৎ দমকা হাওয়াসহ ঝড় শুরু হয়। এ সময় ঘরের পাশে থাকা একটি বড় মেহগনি গাছ উপড়ে তাদের টিনের ঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় তিনজনই গাছের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
রাতের অন্ধকার ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি। সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে মরদেহ তিনটি উদ্ধার করেন।
একই পরিবারের তিনজনের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন