সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ঝিনারিয়া হাওরের একটি বাঁধ ভেঙে বোরো ধান তলিয়ে যাচ্ছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে পাহাড়ি ঢলে বৌলাই নদীর পানির চাপে বাঁধটি ভেঙে হাওরে পানি ঢুকতে শুরু করে। এর আগে গত সোমবার একই উপজেলার এরন বিলের বাঁধ ভেঙে ফসল তলিয়ে গিয়েছিল।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাঁধটি ভেঙে যাওয়ার পর আশপাশের প্রায় ২৬ হেক্টর বোরো ধান হুমকির মুখে পড়েছে। এর মধ্যে ১৫ হেক্টর জমির ধান কাটা শেষ হলেও বাকি ১১ হেক্টর ধান পানির নিচে তলিয়ে গেছে। স্থানীয় কৃষকদের দাবি, ক্ষয়ক্ষতি আরও বেশি হতে পারে।
কৃষক খন্দকার মিয়া ও হারুন মিয়া বলেন, ‘কষ্ট করে চাষাবাদ করে কোনো লাভ হলো না। চোখের সামনে আমাদের স্বপ্নগুলো পানিতে তলিয়ে যাচ্ছে।’
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, ঝিনারিয়া হাওরের যে অংশটি ভেঙেছে, সেটি মূলত একটি রাস্তা। এটি পানি উন্নয়ন বোর্ডের কোনো প্রকল্পের আওতাভুক্ত নয়।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় ঘোষ বলেন, বাঁধটি স্থানীয়রা নিজেদের উদ্যোগে নির্মাণ করে রাস্তা হিসেবে ব্যবহার করতেন। পাহাড়ি ঢলে পানির চাপ বেড়ে যাওয়ায় এটি টিকতে পারেনি।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, ভারী বৃষ্টির কারণে বাঁধের মাটি নরম হয়ে যাওয়ায় অনেক জায়গা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। হাওরের ফসল রক্ষায় স্থানীয় প্রশাসন ও পাউবো নজরদারি অব্যাহত রেখেছে।
আপনার মতামত লিখুন