সাতক্ষীরার দেবহাটায় অপদ্রব্য মেশানো প্রায় এক হাজার কেজি আম বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে দেবহাটা ফুটবল মাঠে ৪৮ ক্যারেট ভর্তি এসব আম ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সূত্রে জানা যায়, সরকারিভাবে আম পাড়ার নির্ধারিত সময়ের আগেই গাছ থেকে আম পেড়ে তাতে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে রপ্তানির চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার নেতৃত্বে নওয়াপাড়া ইউনিয়নের হাদিপুর এলাকায় অভিযান চালিয়ে এসব আম জব্দ করা হয়। পরে বিকেলে সহকারী কমিশনার (ভূমি-অতিরিক্ত দায়িত্ব) মো. মাইনুল ইসলাম খানের উপস্থিতিতে আমগুলো নষ্ট করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান বলেন, আমগুলো অপরিপক্ক ছিল। দ্রুত পাকানোর জন্য সেগুলোতে অপদ্রব্য মেশানো হয়েছিল। জনস্বাস্থ্যের ঝুঁকির কথা বিবেচনা করে এবং আম পাড়ার নির্ধারিত সূচি লঙ্ঘন করায় আমগুলো বিনষ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশাসন জানায়, অসাধু ব্যবসায়ীদের এমন তৎপরতা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন