বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই কৃষকের ৯৩ শতক জমির কাঁচা বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। একটি হত্যাচেষ্টা মামলার আসামিরা এই ধান কেটে নিয়েছেন বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগে গতকাল সোমবার বিকেলে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর ইউনিয়নের চক ডাকাতিয়া গ্রামের কৃষক কামাল পাশা ও তার ভাই রাজু সরকার দীর্ঘদিন ধরে ৯৩ শতক জমি ভোগদখল করে আসছিলেন। ওই জমি নিয়ে তাদের সঙ্গে একই গ্রামের মধু মন্ডলের বিরোধ চলছে। এর জেরে গত ২৪ মার্চ মধু মন্ডল ও তার লোকজন রাজু সরকারের ওপর হামলা চালায়। ওই ঘটনায় রাজুর ছেলে রাজিব সরকার বাদী হয়ে মধু মন্ডলসহ সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
ভুক্তভোগীরা জানান, চলতি মৌসুমে ওই জমিতে তারা বোরো ধান রোপণ করেছিলেন। ধান গাছে কেবল ‘থোড়’ আসতে শুরু করেছিল। এ অবস্থায় গত রোববার রাতে মধু মন্ডল ও তার লোকজন ৯৩ শতক জমির কাঁচা ধান কেটে নিয়ে যান। এতে তাদের প্রায় ৭৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় কামাল পাশার মেয়ে সুবর্ণা খাতুন বাদী হয়ে মধু মন্ডলসহ ১৭ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে মধু মন্ডল বলেন, ‘আগে কামাল পাশা ও রাজু অবৈধভাবে ওই জমি দখল করে রেখেছিলেন। আমি আদালতের মাধ্যমে ওই জমির রায় পেয়েছি। এ কারণে আমার জমির ধান আমিই কেটেছি।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম সংবাদকে বলেন, জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ধান কাটার অভিযোগটি তদন্ত করার জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন