রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ সহজ করতে জামালপুরের মাদারগঞ্জ থেকে বগুড়ার সারিয়াকান্দি পর্যন্ত যমুনা নদীতে দ্বিতীয় বহুমুখী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকালে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার চৌরাস্তা মোড়ে ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কয়েক শ সদস্য অংশ নেন। এ সময় বক্তারা বলেন, জামালপুর ও বগুড়া জেলার লাখ লাখ মানুষের দীর্ঘদিনের দাবি মাদারগঞ্জের জামথল ঘাট থেকে সারিয়াকান্দির কালিতলা ঘাট পর্যন্ত একটি ‘ওয়াই টাইপ’ সেতু নির্মাণ। বর্তমানে এই রুটে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা বা ফেরি, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সময়সাপেক্ষ। বিশেষ করে অসুস্থ রোগী ও ব্যবসায়ীদের নদী পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হয়।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন-পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ, সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, বেলাল হোসেন, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন লেমন তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ্ মো. মজনু ফকির এবং সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ প্রমুখ।
বক্তারা আরও বলেন, মাদারগঞ্জ ও সারিয়াকান্দিতে প্রায় পাঁচ লাখ ভোটার রয়েছেন। যমুনার দুই পাড়ের মানুষের এই ন্যায্য দাবি দীর্ঘদিনের। এখানে সেতু নির্মিত হলে কেবল যোগাযোগ ব্যবস্থারই উন্নতি হবে না, বরং এই অঞ্চলের অর্থনীতি ও শিল্প-বাণিজ্যেও আমূল পরিবর্তন আসবে। অবিলম্বে সেতুর সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) ও নকশা প্রণয়ন করে নির্মাণকাজ শুরু করার জন্য তারা সরকারের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।
আপনার মতামত লিখুন