সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয় ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার ঝাপাচর এলাকায় অভিযান চালিয়ে তাদের এই দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-খুলনার কয়রা উপজেলার দরগাপুর গ্রামের ইব্রাহিম গাজী, নাইম ইসলাম, আজারুল গাজী, সজিব শেখ, জামিরুল ইসলাম ও নজরুল ইসলাম।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়নের একটি দল আজ খোলপেটুয়া নদীর ঝাপাচর এলাকায় অভিযান চালায়। এ সময় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে ওই ছয়জনকে আটক করা হয়। একই সঙ্গে এমভি হাবিব নামের একটি ট্রলার ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়।
পরে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, আইন অমান্য করে বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি করায় আটক ছয় ব্যক্তিকে ১৪ দিন করে কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া জব্দ করা সরঞ্জামগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বিজিবির নীলডুমুর ক্যাম্পের হাবিলদার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই অভিযানে বিজিবির একটি বিশেষ দল অংশ নেয়।
আপনার মতামত লিখুন