চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারের অভিযোগে মো. সিকান্দার আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রোববার (১৪ জুন) সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) মেদিনীপুর বিওপির একটি টহল দল জীবননগর থানার গোয়ালপাড়া গ্রাম থেকে তাকে আটক করে। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালপাড়া গ্রামের একটি আমবাগানের পাশের কাঁচা রাস্তায় অবস্থান নেয় বিজিবির টহল দল। এ সময় সন্দেহভাজন সিকান্দার আলীকে তল্লাশি করে বিভিন্ন আকারের ৮টি সোনার বার উদ্ধার করা হয়। এর মধ্যে ৪টি আস্ত বার, ৩টি ভাঙা বার ও ১টি সোনার টুকরা রয়েছে।
জব্দ করা সোনার ওজন ৭৯৩ দশমিক ৬৯ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার টাকা। এ ছাড়া তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য ১ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৪০৬ টাকা।
আটক সিকান্দার আলী জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, সোনাগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
আটক ব্যক্তিকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ করা সোনা চুয়াডাঙ্গা জেলা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
আপনার মতামত লিখুন