বরিশাল নগরের তালিকাভুক্ত সন্ত্রাসী আকাশ ওরফে কালা মাসুদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। তবে দুর্ধর্ষ এই সন্ত্রাসীকে বারবার গ্রেপ্তার ও পরবর্তী সময়ে তার কারামুক্তি নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। গত মঙ্গলবার রাতে কোতোয়ালি মডেল থানা-পুলিশ চরমোনাই ইউনিয়নের গিলাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, আকাশের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ অন্তত ৩০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গত ১৮ জুন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, গত বছরের ৯ নভেম্বরও আকাশকে গ্রেপ্তার করেছিল নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে সময়ও তার বিরুদ্ধে একই ধরনের মামলার তথ্য দেওয়া হয়েছিল। এর মাত্র কয়েক মাস পর গত ৯ জানুয়ারি চরমোনাই এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগে তার নাম আবারও আলোচনায় আসে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, একজন দুর্ধর্ষ সন্ত্রাসী বারবার গ্রেপ্তার হওয়ার পরও কীভাবে জামিনে বেরিয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ইসলাম বলেন, ‘এটি পুরোনো কোনো গ্রেপ্তারের ঘটনা নয়। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে তাকে গিলাতলী এলাকা থেকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ৩০টি মামলা রয়েছে।’
এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা জীবনের ঝুঁকি নিয়ে আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠাই। কিন্তু অনেক ক্ষেত্রে তারা দ্রুত জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়িয়ে পড়েন। কালা মাসুদ গত দেড় বছরে তিনবার গ্রেপ্তার হয়েছেন।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই বক্তব্যের পর সচেতন মহলে প্রশ্ন উঠেছে, দুর্ধর্ষ কোনো আসামি দ্রুত জামিনে মুক্তি পেয়ে পুনরায় অপরাধে জড়ালে বিচারিক প্রক্রিয়ার সীমাবদ্ধতা ও মামলার সঠিক তদন্তের বিষয়টি আরও খতিয়ে দেখা প্রয়োজন।
আপনার মতামত লিখুন