হবিগঞ্জের নবীগঞ্জে পারিবারিক কলহের জেরে রিপন আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আশিক মিয়ার (৩৫) বিরুদ্ধে। রোববার (২১ জুন) বিকেলে উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর ভূমিহীন গ্রামে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের পর অভিযুক্ত আশিক মিয়া আত্মহত্যার চেষ্টা করেন। তবে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। নিহত রিপন আক্তার ও অভিযুক্ত আশিক মিয়া একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা চরম উত্তেজনায় রূপ নেয়। অভিযোগ উঠেছে, ক্ষুব্ধ হয়ে আশিক মিয়া ঘরে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী রিপন আক্তারকে এলোপাতাড়ি কোপান। এতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আশিক মিয়াকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কৌশিক ও এসআই আসিবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্বামীকে আটক এবং মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন