রাজবাড়ীর বালিয়াকান্দিতে পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদুল শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের করচাঁদপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাশিদুল শেখ করচাঁদপুর গ্রামের রফিক শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে একই গ্রামের মোস্তফা শেখের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার দুপুরে কাজ করার সময় বাড়ির পানির মোটর খুলতে যান রাশিদুল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রোকনুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে।
রাশিদুলের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল রব তালুকদার বলেন, ঘটনাটি পুলিশ জেনেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন