ঢাকার দোহার উপজেলায় অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার দোহার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে কয়েকশ গ্রাহক এই কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের অনেকের বাড়িতে এসি বা ফ্রিজের মতো উচ্চ বিদ্যুৎ ব্যবহারকারী কোনো যন্ত্র নেই, তবুও প্রতি মাসে অস্বাভাবিক ‘ভুতুড়ে’ বিল পাঠানো হচ্ছে। সাধারণ গ্রাহকদের পক্ষ থেকে অভিযোগ জানানো হলেও কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দিচ্ছে না বলে দাবি করেন তারা। এ সময় তারা পল্লী বিদ্যুতের ডিজিএমের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনকারীরা বলেন, এই চড়া বিলের বোঝা সাধারণ মানুষের পক্ষে বহন করা অসম্ভব। দ্রুত এই অতিরিক্ত বিল সংশোধন এবং গ্রাহক হয়রানি বন্ধ না করলে ঢাকা-দোহার সড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভের খবর পেয়ে দোহার থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং অতিরিক্ত বিল সংশোধনের আশ্বাস দেন। পুলিশের আশ্বাসের পর আন্দোলনকারীরা তাদের কর্মসূচি স্থগিত করে স্থান ত্যাগ করেন। তবে দ্রুত সমাধান না হলে আবারও আন্দোলনে নামার আলটিমেটাম দিয়েছেন তারা।
এ বিষয়ে জানতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন