ফেনীর শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান হাজী নজির আহাম্মদ গ্রুপের চেয়ারম্যান নুর উদ্দিন সর্বোচ্চ ভোট পেয়ে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফসিসিআই) পরিচালক নির্বাচিত হয়েছেন। রোববার (২৮ জুন) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সদস্য ক্যাটাগরিতে তিনি এই সাফল্য অর্জন করেন।
নির্বাচন পরিচালনা কমিটির চূড়ান্ত ফলাফল অনুযায়ী, নুর উদ্দিন ১৭৭ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। তার এই বড় বিজয়ে ফেনীর ব্যবসায়ী মহলে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা গেছে।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, হাজী নজির আহাম্মদ গ্রুপের দক্ষ নেতৃত্ব এবং দীর্ঘদিনের সততা ও ব্যবসায়িক সুনামের কারণে সাধারণ ভোটাররা নুর উদ্দিনের ওপর আস্থা রেখেছেন। এই বিজয়ের মাধ্যমে জেলার বাণিজ্যিক পরিবেশের উন্নয়ন ও স্থানীয় ব্যবসা সম্প্রসারণে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশা করছেন।
বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নুর উদ্দিন ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এই বিজয় আমার একার নয়, এটি পুরো ফেনীর ব্যবসায়ী সমাজের। সাধারণ ভোটাররা যে বিশ্বাস নিয়ে আমাকে নির্বাচিত করেছেন, আমি কাজের মাধ্যমে তার মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। ব্যবসায়ীদের যেকোনো সমস্যায় আমি সর্বদা পাশে থাকব।’
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণ ও সহযোগী সদস্য মিলিয়ে মোট ৫৩০ জন ভোটারের মধ্যে ৪৭২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটের হার ছিল ৯০ শতাংশ।
নুর উদ্দিনের এই বিজয়ে হাজী নজির আহাম্মদ গ্রুপের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন