কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি গুদাম থেকে প্রায় ২৩ মণ অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ করেছে পুলিশ। রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জামতলা মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যবসায়ী বলরাম চন্দ্র সাহার বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বলরাম সাহা কৌশলে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে তার গুদাম থেকে ৯১৮ কেজি (প্রায় ২৩ মণ) ভারতীয় বাসমতি চাল উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, জব্দ করা এই চাল উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি ও ভোটহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। উদ্ধার হওয়া চালের বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।
অভিযান পরিচালনাকারী ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন জানান, অবৈধভাবে ভারতীয় পণ্য মজুত রাখার দায়ে ব্যবসায়ী বলরাম চন্দ্র সাহার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পলাতক ব্যবসায়ীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন