সংবাদ
সংবাদ

মতামত

কপ ৩১: জলবায়ু ন্যায়বিচারের প্রশ্নে আবারও হতাশ দরিদ্র বিশ্ব

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বড় প্রত্যাশা নিয়ে শুরু হয়েছিল জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১ (COP 31)। বিশেষ করে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর আশা ছিল, এবারের সম্মেলনে ধনী দেশগুলো নতুন করে অর্থায়নের প্রতিশ্রুতি দেবে।একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে কার্যকর সিদ্ধান্ত আসবে। কিন্তু দীর্ঘ আলোচনা, নানা প্রতিশ্রুতি ও দেশগুলোর মধ্যে দর-কষাকষির পরও বড় কোনো বৈশ্বিক সমঝোতা হয়নি। নির্ধারিত সময়ের চেয়ে ৪৪ ঘণ্টা বেশি আলোচনা চললেও শেষ পর্যন্ত সম্মেলনের মূল রাজনৈতিক সমাপনী সিদ্ধান্ত ‘Antalya Pact’ গৃহীত হয়নি। ফলে জলবায়ু ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোর প্রত্যাশা অনেকটাই অপূর্ণ থেকে গেছে।এবারের সম্মেলনের সবচেয়ে বড় বিরোধ ছিল জীবাশ্ম জ্বালানি নিয়ে। কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। তাই অনেক দেশ চেয়েছিল, এবারের সম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্তে জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার বিষয়ে স্পষ্ট অঙ্গীকার থাকুক। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, পানামা এবং প্রশান্ত মহাসাগরীয় কয়েকটি দ্বীপরাষ্ট্র এ বিষয়ে শক্ত অবস্থান নেয়। তাদের দাবি ছিল, আগের সম্মেলনে নেওয়া সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবারও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।অন্যদিকে রাশিয়া ও সৌদি আরবসহ কয়েকটি তেল উৎপাদনকারী দেশ চূড়ান্ত নথিতে জীবাশ্ম জ্বালানির সরাসরি উল্লেখ না রাখার পক্ষে অবস্থান নেয়। ফলে প্রাথমিক খসড়ায় থাকা জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টি চূড়ান্ত প্রস্তাবে স্পষ্টভাবে রাখা সম্ভব হয়নি। শুধু জীবাশ্ম জ্বালানিই নয়, কার্বন ক্যাপচার প্রযুক্তি নিয়েও মতবিরোধ তৈরি হয়। এই প্রযুক্তির মাধ্যমে শিল্পকারখানা থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড ধরে সংরক্ষণ করা হয়।কিছু দেশ মনে করে, এর মাধ্যমে নিঃসরণ কমানো সম্ভব। কিন্তু সমালোচকদের আশঙ্কা, এই প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হলে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার বন্ধ করার উদ্যোগ দুর্বল হয়ে পড়তে পারে।এসব মতবিরোধের কারণে সম্মেলনের সামগ্রিক রাজনৈতিক সমঝোতা বা সমাপনী সিদ্ধান্ত হিসেবে প্রস্তাবিত ‘Antalya Pact’ শেষ পর্যন্ত গৃহীত হয়নি। এটি কোনো স্বাক্ষরিত চুক্তি ছিল না, বরং সম্মেলনের সভাপতির প্রস্তাবিত একটি খসড়া রাজনৈতিক সিদ্ধান্ত। এতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে আরও স্পষ্ট বক্তব্য না থাকায় ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশ আপত্তি জানায়। অন্যদিকে জলবায়ু অর্থায়ন নিয়েও উন্নয়নশীল দেশগুলোর প্রত্যাশা পূরণ হয়নি।জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের জন্য সব দেশের ঐকমত্য প্রয়োজন। ফলে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় প্রস্তাবটি অনুমোদিত হয়নি। অর্থাৎ দীর্ঘ আলোচনা হলেও সম্মেলনের মূল রাজনৈতিক সিদ্ধান্তে দেশগুলো একমত হতে পারেনি।তবে এবারের সম্মেলনে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর সবচেয়ে বড় দাবি ছিল জলবায়ু মোকাবিলায় অর্থায়ন বাড়ানো। কারণ জলবায়ু পরিবর্তনের জন্য এসব দেশের দায় তুলনামূলকভাবে কম হলেও ক্ষতির শিকার হচ্ছে তারাই বেশি। বন্যা, ঘূর্ণিঝড়, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততা মোকাবিলায় তাদের বিপুল অর্থের প্রয়োজন।এ কারণে তারা অভিযোজন তহবিল তিন গুণ করার পাশাপাশি ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার দাবি জানিয়েছিল। তাদের বক্তব্য ছিল, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা করতে গিয়ে নতুন করে ঋণের বোঝা বাড়ানো সম্ভব নয়।এর আগে কপ ২৯-এ উন্নত দেশগুলো ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করেছিল। কিন্তু উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল, শুধু এই প্রতিশ্রুতি যথেষ্ট নয়। অভিযোজন খাতে আলাদা অর্থায়ন বাড়াতে হবে এবং সেই অর্থ কীভাবে ও কখন দেওয়া হবে, তারও স্পষ্ট পরিকল্পনা থাকতে হবে। কপ ৩১-এ এ বিষয়ে বড় কোনো নতুন নিশ্চয়তা পাওয়া যায়নি।বরং অভিযোজন তহবিলে প্রায় ৫ কোটি ডলারের নতুন প্রতিশ্রুতির কথা সামনে এসেছে। আগের বছরের ১৩ কোটি ৫০ লাখ ডলারের প্রতিশ্রুতির তুলনায় এই অঙ্ক অনেক কম। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজনের তুলনায় এই অর্থ খুবই সামান্য।এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। অভিযোজন তহবিল এবং সামগ্রিক জলবায়ু অর্থায়ন এক বিষয় নয়। অভিযোজন তহবিল একটি নির্দিষ্ট আন্তর্জাতিক তহবিল। অন্যদিকে জলবায়ু অর্থায়নের মধ্যে নিঃসরণ কমানো, জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য বিভিন্ন উৎসের অর্থ অন্তর্ভুক্ত। তাই অভিযোজন তহবিলে ৫ কোটি ডলারের প্রতিশ্রুতিকে পুরো বৈশ্বিক জলবায়ু অর্থায়নের পরিমাণ হিসেবে দেখার সুযোগ নেই। তবে এটুকু স্পষ্ট যে, দরিদ্র দেশগুলোর প্রয়োজন অনুযায়ী অর্থায়নের নিশ্চয়তা এবারও তৈরি হয়নি।মূল রাজনৈতিক সমঝোতা না হলেও সম্মেলন একেবারে সিদ্ধান্তহীন ছিল না। অভিযোজন তহবিল, ন্যায্য জ্বালানি রূপান্তরসহ কয়েকটি বিষয়ে আলাদা সিদ্ধান্ত হয়েছে। প্যারিস চুক্তির অধীনে কার্বন বাজারের কার্যক্রম থেকে অভিযোজন তহবিলে অর্থ দেওয়ার প্রক্রিয়া নিয়েও অগ্রগতি হয়েছে।প্যারিস চুক্তির Article 6.4-এর আওতায় আন্তর্জাতিক কার্বন বাজার থেকে অর্জিত অর্থের একটি অংশ অভিযোজন তহবিলে জমা হওয়ার ব্যবস্থা রয়েছে। এই অর্থ উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অভিযোজন প্রকল্পে ব্যবহার করা হবে। অর্থাৎ বড় রাজনৈতিক চুক্তি না হলেও কিছু কার্যকর উদ্যোগ এগিয়েছে।সম্মেলনের বাইরে তুরস্কের প্রস্তাবিত বিদ্যুতের ব্যবহার বাড়ানোর একটি উদ্যোগও আলোচনায় এসেছে। এতে ৭৫টি দেশ সমর্থন জানিয়েছে। লক্ষ্য হলো, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মোট জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুতের অংশ বর্তমানের প্রায় ২২ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করা।সহজভাবে বললে, পরিবহন, শিল্পকারখানা ও ভবনে সরাসরি কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমিয়ে বিদ্যুতের ব্যবহার বাড়ানোই এই উদ্যোগের উদ্দেশ্য। যেমন পেট্রোল-ডিজেলচালিত গাড়ির পরিবর্তে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করা। তবে বিদ্যুতের ব্যবহার বাড়ানো মানেই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো নয়। কারণ বিদ্যুৎ কয়লা ও গ্যাস থেকেও উৎপাদন করা যায়। তাই বিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি সৌর ও বায়ুশক্তির মতো পরিচ্ছন্ন উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোও জরুরি। তবে এটি মূল সমাপনী চুক্তির অংশ নয়, বরং দেশগুলোর স্বেচ্ছামূলক উদ্যোগ।এবারের সম্মেলনে নতুন কোনো রাজনৈতিক সমঝোতা না হলেও ২০১৫ সালে গৃহীত প্যারিস চুক্তি বহাল রয়েছে। এই চুক্তির মূল লক্ষ্য হলো, শিল্পায়ন-পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে রাখা এবং তা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার চেষ্টা চালিয়ে যাওয়া।২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ ২৮-এ প্রথমবারের মতো চূড়ান্ত সিদ্ধান্তে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল। কিন্তু কপ ৩১-এ সেই অঙ্গীকারকে আরও এগিয়ে নেওয়ার মতো নতুন কোনো রাজনৈতিক সমঝোতা হয়নি। অর্থাৎ প্যারিস চুক্তি বা আগের সম্মেলনগুলোর সিদ্ধান্ত বাতিল হয়নি, তবে সেগুলো বাস্তবায়নের জন্য নতুন করে শক্তিশালী কোনো বৈশ্বিক অঙ্গীকারও আসেনি।বৈশ্বিক সমঝোতা না হলেও বাংলাদেশের জন্য এবারের সম্মেলনে একটি ইতিবাচক খবর রয়েছে। সম্মেলনের বাইরে দুটি আন্তর্জাতিক তহবিল থেকে বাংলাদেশ প্রায় ৬ কোটি ডলারের জলবায়ু অনুদান নিশ্চিত করেছে। এর মধ্যে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (CIF) থেকে ৩ কোটি ডলার এবং গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো পাওয়ার কথা জানানো হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৮৪ কোটি টাকা।এ ছাড়া গ্লোবাল শিল্ডের কর্মসূচির প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়ন করতে পারলে আরও ২ কোটি ইউরো পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি পাওয়া গেলে মোট অনুদানের পরিমাণ প্রায় ১ হাজার ৫৮ কোটি টাকায় পৌঁছাতে পারে।বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে ভালো খবর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অর্থ ঋণ নয়, অনুদান। অর্থাৎ বাংলাদেশকে এই অর্থ ফেরত দিতে হবে না। জলবায়ু ঝুঁকি মোকাবিলা, দুর্যোগের ক্ষতি কমানো এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষায় এ অর্থ কাজে লাগতে পারে। তবে এই অর্থ কপ ৩১-এর মূল চুক্তির মাধ্যমে পাওয়া নয়, বরং আলাদা আন্তর্জাতিক তহবিল ও বাংলাদেশের কূটনৈতিক উদ্যোগের ফল। দেশের সামগ্রিক জলবায়ু ঝুঁকি বিবেচনায় এই অর্থ এখনো যথেষ্ট নয়। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা, ঘূর্ণিঝড়, নদীভাঙন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো সমস্যা মোকাবিলায় আরও বড় ও দীর্ঘমেয়াদি অর্থায়ন প্রয়োজন।এবারের সম্মেলনে যেসব বিষয়ে সমঝোতা হয়নি, সেগুলো নিয়ে পরবর্তী সম্মেলনে আবার আলোচনা হবে। ২০২৭ সালে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হওয়ার কথা কপ ৩২। সেখানে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার পরিকল্পনা, অভিযোজন অর্থায়ন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে সহায়তার বিষয়গুলো আবারও আলোচনায় আসবে। তবে জলবায়ু পরিবর্তন কোনো সম্মেলনের জন্য অপেক্ষা করবে না। বিশ্বনেতারা সিদ্ধান্ত নিতে যত দেরি করবেন, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য পরিস্থিতি সামাল দেওয়া তত কঠিন হবে।সব মিলিয়ে কপ ৩১ থেকে বড় কোনো বৈশ্বিক রাজনৈতিক সমঝোতা আসেনি। জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধের সমাধান হয়নি, দরিদ্র দেশগুলোর অর্থায়নের দাবিও পুরোপুরি পূরণ হয়নি। তবে অভিযোজন তহবিল ও জ্বালানি রূপান্তর নিয়ে কিছু অগ্রগতি হয়েছে। বাংলাদেশও নিজস্ব কূটনৈতিক উদ্যোগে প্রায় ৭৮৪ কোটি টাকার অনুদান পেয়েছে। কিন্তু একটি দেশের আলাদা অর্থপ্রাপ্তি দিয়ে বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচারের প্রশ্নের সমাধান হয় না।জলবায়ু পরিবর্তনের জন্য যারা ঐতিহাসিকভাবে বেশি দায়ী, তাদের কাছ থেকেই প্রয়োজনীয় অর্থ ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করার দাবি দীর্ঘদিনের। অথচ ধনী দেশগুলোর অর্থায়নের প্রতিশ্রুতি এবং দরিদ্র দেশগুলোর বাস্তব প্রয়োজনের মধ্যে ব্যবধান এখনো রয়ে গেছে।দীর্ঘ আলোচনা শেষে কপ ৩১-এর সবচেয়ে বড় প্রশ্নটি তাই থেকেই গেল-জলবায়ু সংকটের জন্য যারা বেশি দায়ী, ক্ষতির বোঝা বহন করা দেশগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্ব তারা কবে যথাযথভাবে নেবে?লেখক: বিশেষ প্রতিনিধি, মাছরাঙা টেলিভিশন

কপ ৩১: জলবায়ু ন্যায়বিচারের প্রশ্নে আবারও হতাশ দরিদ্র বিশ্ব