মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজন ও পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে ১৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৬৮ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেকগুলো হস্তান্তর করা হয়।জেলা প্রশাসন ও বিআরটিএ মানিকগঞ্জ সার্কেলের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের সচিব ও পরিচালক (যুগ্ম সচিব) রুবাইয়াত-ই-আশিক।অনুষ্ঠানে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার সরকারি উদ্যোগের অংশ হিসেবে এই অনুদান দেওয়া হচ্ছে। এদিন ১২ জন নিহত ব্যক্তির প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে এবং গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণকারী ৪ জনকে ১ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি রুবাইয়াত-ই-আশিক বলেন, ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এই ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিআরটিএ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আর্থিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় সচেতন মহল সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।