উৎপাদন ব্যয়ের তুলনায় ডিমের ন্যায্যমূল্য না পাওয়া এবং বাজারে করপোরেট প্রতিষ্ঠানের সিন্ডিকেটের প্রতিবাদে নরসিংদীতে অভিনব বিক্ষোভ করেছেন পোলট্রি খামারিরা। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কয়েক শ ডিম ভেঙে তারা এই প্রতীকী প্রতিবাদ জানান।নরসিংদী জেলা পোলট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক খামারি ও ডিলার অংশ নেন। এর আগে তারা মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।মানববন্ধনে খামারিরা অভিযোগ করেন, পোলট্রি খাদ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, নিম্নমানের খাবার এবং করপোরেট কোম্পানিগুলোর একচেটিয়া প্রভাবের কারণে ক্ষুদ্র খামারিরা ধ্বংসের মুখে পড়েছেন। তাদের দাবি, করপোরেট কোম্পানিগুলোর ডিম উৎপাদন বন্ধ করতে হবে এবং পোলট্রি খাদ্য ও ওষুধের দাম কমাতে হবে।খামারিরা বলেন, ডিম ও মুরগির উৎপাদন খরচ যে হারে বেড়েছে, বাজারে সেই তুলনায় বিক্রয়মূল্য অনেক কম। লোকসান গুনতে গুনতে অনেক খামারি ইতিমধ্যে খামার বন্ধ করে দিয়েছেন। এই শিল্পকে বাঁচাতে হলে দ্রুত সরকারি হস্তক্ষেপ প্রয়োজন।অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুক বলেন, ‘পোলট্রি খাত দেশের আমিষের প্রধান উৎস। কিন্তু সিন্ডিকেটের কবলে পড়ে খামারিরা আজ দিশাহারা। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দেশজুড়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’কর্মসূচিতে আরও বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, সহসভাপতি ওসমান মিয়া, সাইদুর রহমান মোল্লা ও সাংগঠনিক সম্পাদক সুমন মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।\