সংবাদ

দুই বছর পর নিজ কার্যালয়ে ফিরলেন মাগুরার নহাটা ইউপি চেয়ারম্যান তুরাপ

দীর্ঘ দুই বছর আত্মগোপন ও আইনি লড়াই শেষে অবশেষে মাগুরার মহম্মদপুর উপজেলার ৮ নম্বর নহাটা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে বসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেছেন চেয়ারম্যান তৈয়েবুর রহমান তুরাপ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতা হাইকোর্টের আদেশের বলে তার হারানো চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন। সোমবার সকালে তিনি সশরীরে পরিষদের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে অফিস করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট মহম্মদপুর উপজেলা সদরে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সঙ্গে ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে পুলিশের গুলিতে আহাদ ও সুমন নামের দুই ছাত্র নিহত হন। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তৈয়েবুর রহমান তুরাপকে আসামি করা হলে তিনি দীর্ঘ সময় আত্মগোপনে চলে যান। পরবর্তীতে স্থানীয় প্রশাসন তার চেয়ারম্যান পদ স্থগিত করে। তবে পরবর্তীতে চাঞ্চল্যকর এই মামলায় জামিন লাভ করার পর চেয়ারম্যান পদ ফিরে পেতে তিনি উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন। ওই রিটের প্রাথমিক শুনানি ও আইনি প্রক্রিয়া শেষে চলতি বছরের ১ জানুয়ারি হাইকোর্ট এক আদেশে জানান যে, নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তৈয়েবুর রহমানের দায়িত্ব পালনে কোনো আইনগত বাধা নেই।হাইকোর্টের এই সুস্পষ্ট আদেশের পরিপ্রেক্ষিতে মাগুরার তৎকালীন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ প্রয়োজনীয় প্রশাসনিক আদেশ জারি করেন। আইনি বৈধতা পাওয়ার পর থেকে তিনি নিজ বাড়ি থেকেই কিছু কার্যক্রম পরিচালনা করলেও দীর্ঘ ছয়-সাত মাস পর সোমবার প্রথমবারের মতো সরাসরি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে দাপ্তরিক দায়িত্ব পালন করেন।ফেরার পর নিজের অনুভূতি ব্যক্ত করে ইউপি চেয়ারম্যান তৈয়েবুর রহমান তুরাপ বলেন, হাইকোর্টের আদেশ অনুযায়ী আমি পুনরায় নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। দীর্ঘদিন পর আজ কার্যালয়ে বসে অফিস করেছি। এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হইনি এবং সম্পূর্ণ নির্বিঘ্নেই আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি।

দুই বছর পর নিজ কার্যালয়ে ফিরলেন মাগুরার নহাটা ইউপি চেয়ারম্যান তুরাপ