সংবাদ

মাগুরায় ঝড়ে গাছের ডাল পড়ে ২ যুবকের মৃত্যু

মাগুরা সদর উপজেলার কেষ্টপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাছের ডাল ভেঙে পড়ে মাহাবুব (২৭) ও প্রান্ত দত্ত (২৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১২ মার্চ) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, শুক্রবার রাত ৯টার দিকে প্রান্ত দত্ত ও মাহাবুব একই মোটরসাইকেলে করে নাকোল এলাকা থেকে মাগুরা শহরের দিকে আসছিলেন। ঢাকা–খুলনা মহাসড়কের কেষ্টপুর স্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঝোড়ো বাতাসে একটি গাছের মরা ডাল ভেঙে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন।স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রান্ত দত্তকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মাহাবুবকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।নিহত প্রান্ত দত্ত শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের সাহা পাড়ার ভজন দত্তের ছেলে। অপর নিহত মাহবুব একই উপজেলার ঘাসিয়াড়া গ্রামের খালদিয়ের পাড়ার দিপুলের ছেলে।মর্মান্তিক এ ঘটনায় শ্রীপুর উপজেলার নাকোল ও ঘাসিয়াড়া গ্রামে নিহত দুই যুবকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মাগুরায় ঝড়ে গাছের ডাল পড়ে ২ যুবকের মৃত্যু