মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের মঠবাড়ী গ্রামে মামাবাড়িতে বেড়াতে এসে গর্তে জমে থাকা পানিতে ডুবে হুজাইফা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত হুজাইফা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা গ্রামের মো. টিটুল বিশ্বাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মায়ের সঙ্গে মামাবাড়িতে বেড়াতে এসেছিল হুজাইফা। আজ সকালে বাড়ির পাশে খেলাধুলা করার সময় সে সবার অলক্ষ্যে কিছুটা দূরে চলে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেন।
প্রত্যক্ষদর্শী মো. ইমরান মীর জানান, তিনি পাশের একটি ভবনে কাজ করার সময় দেখতে পান, ১০-১২ বছর বয়সী এক শিশু আরেক শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। শিশুটি জানায়, হুজাইফা পানিতে পড়ে গিয়েছিল। এরপর ইমরান মীর দ্রুত শিশুটিকে উদ্ধার করে ইজিবাইকে করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের অভিযোগ, বাড়ির পাশে নির্মাণাধীন বাইপাস সড়ক প্রশস্ত করার জন্য বড় গর্ত খুঁড়ে রাখা হয়েছিল। সেই গর্তে বৃষ্টির পানি জমে থাকলেও কোনো নিরাপত্তা বেষ্টনী ছিল না। অসাবধানতাবশত হুজাইফা ওই গর্তে পড়ে ডুবে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আসাদুর রহমান (বিপ্লব) জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। এদিকে সড়ক নির্মাণে নিয়োজিত সংশ্লিষ্টদের অবহেলার কারণে এই মৃত্যু হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
আপনার মতামত লিখুন