সংবাদ

ধরলার পেটে গ্রাম, দেখার কি কেউ নেই?

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মেখলী এলাকায় ধরলা নদীর ভয়াবহ ভাঙন রোধে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।ফুলবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণ ও ‘অ্যাক্টিভিস্টা কুড়িগ্রাম’ যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে এলাকার শত শত ভুক্তভোগী মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক বছর ধরে ধরলা নদীর আগ্রাসী ভাঙনে মেখলীসহ আশপাশের এলাকায় কয়েক শ বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে অসংখ্য ঘরবাড়ি, আবাদি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙনের মুখে রয়েছে। অব্যাহত ভাঙনের ফলে এলাকার ভূখণ্ড ক্রমেই ছোট হয়ে আসছে।আন্দোলনকারীদের অভিযোগ, ধরলার ভাঙন রোধে এর আগেও একাধিকবার মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও স্থায়ী কোনো সমাধান মেলেনি। পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত কার্যকর ও দীর্ঘমেয়াদি কোনো পদক্ষেপ নেয়নি। ফলে প্রতিবছর বর্ষা এলেই ভাঙন আতঙ্কে দিন কাটাতে হয় নদীপাড়ের মানুষকে। এতে একদিকে মানুষ নিঃস্ব হচ্ছে, অন্যদিকে চরম অনিশ্চয়তার মুখে পড়ছে স্থানীয় জনজীবন।মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে মেখলী এলাকায় স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

ধরলার পেটে গ্রাম, দেখার কি কেউ নেই?