কুড়িগ্রামের ফুলবাড়ীতে রাস্তা পার হওয়া একটি ছাগল বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে ৪ এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। রোববার (১০ মে) সকালে উপজেলার ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের গঙ্গারহাট আজোয়াটারী মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে শারীরিক যখম ও অসুস্থতা নিয়েই ওই ৪ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।
আহত শিক্ষার্থীরা হলো- শান্ত ইসলাম, ইসরাত জাহান, একরামুল হক ও সালমান হোসেন। তারা সবাই ফুলবাড়ী পরীক্ষা কেন্দ্রে আসছিল।
কেন্দ্র সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আটজন পরীক্ষার্থী একটি অটোরিকশায় করে কাশিপুর থেকে ফুলবাড়ী পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছিল। পথে একটি ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি সড়কের ওপর উল্টে যায়। এতে চারজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কেন্দ্রে নেওয়া হয়।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাফিজুল ইসলাম বলেন, ‘আহতদের মধ্যে শান্ত ইসলামের কান কেটে গেছে ও পায়ে জখম হয়েছে। একরামুল হকের পা ভেঙে গেছে। বাকিদের শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তারা পরীক্ষা দিতে গেছে।’
ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব রাহিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহত পরীক্ষার্থীরা অসুস্থ অবস্থায় পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কেন্দ্র থেকে তাদের বিশেষ তদারকি করা হচ্ছে।
আপনার মতামত লিখুন