ভালোবাসার টানে সুদূর চীন থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ছুটে এসেছেন আন হুং ওয়েই (৩৯) নামে এক চীনা নাগরিক। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় ও প্রেমের সূত্র ধরে তিনি বিয়ে করেছেন উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের তরুণী মোর্শেদা খাতুনকে (২৪)।
রোববার (১৭ মে) সকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর কালিয়াটারি গ্রামে ভিনদেশি জামাই আসার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমে। এর আগে গত শনিবার ওই চীনা যুবক প্রথমবারের মতো তার শ্বশুরবাড়িতে আসেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মোর্শেদা খাতুন ঢাকার সাভারে একটি তৈরি পোশাক কারখানায় (গার্মেন্টস) কাজ করেন। সেখানেই একটি অ্যাপসের মাধ্যমে চলতি বছরের ৩ এপ্রিল চীনা ব্যবসায়ী আন হুং ওয়েইয়ের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর আন হুং ওয়েই বাংলাদেশে এসে মোর্শেদাকে বিয়ের প্রস্তাব দেন। গত ৯ মে ঢাকার একটি আদালতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে এই দম্পতি ফুলবাড়ীতে মোর্শেদার নানাবাড়িতে অবস্থান করছেন।
আন হুং ওয়েই চীনের শানডং প্রদেশের ঝাওঝেন গ্রামের বাসিন্দা। তিনি জানান, তিনি একজন মুসলমান। মোর্শেদার সঙ্গে সম্পর্কের কথা তার পরিবারকেও জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি মোর্শেদাকে চীনে আমার নিজের বাড়িতে নিয়ে যেতে চাই। সে আমার সঙ্গে সেখানে ভালো থাকবে।’
মোর্শেদা খাতুন বলেন, ‘আমার স্বামী খুবই ভালো মনের মানুষ। তার সঙ্গে আমি সুখী হব বলে বিশ্বাস করি।’ এই দম্পতি আগামী ৩০ মে চীনের উদ্দেশে দেশ ছাড়বেন বলে জানা গেছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, প্রেমের টানে এক চীনা নাগরিক ফুলবাড়ীতে এসেছেন বলে খবর পেয়েছেন। বিষয়টি স্থানীয়ভাবে বেশ কৌতূহলের সৃষ্টি করেছে।
আপনার মতামত লিখুন