কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে দিনভর টানটান উত্তেজনা ও নাটকীয়তা শেষে ৯ বছরের শিশু জয়নব বেগমকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৩ জুন) রাত পৌনে ১১টার দিকে উপজেলার দক্ষিণ অনন্তপুর নাজিরহাট সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
জয়নব বেগম উপজেলার মধ্য কাশিপুর ঘগোয়ারপাড় গ্রামের জামাল হোসেনের মেয়ে। সে স্থানীয় মধ্য কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে জয়নব স্কুলে যাওয়ার সময় মায়ের কাছে খাবার চায়। মা তাকে খাবার না দিয়ে স্কুলে পাঠিয়ে দেন। পরে দুপুর ১২টার দিকে সে স্কুল থেকে বাড়িতে ফিরলে বাবা তাকে আবার স্কুলে যেতে বলেন। এতে বাবার ওপর অভিমান করে জয়নব নাজিরহাট সীমান্ত দিয়ে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার সেউটি এলাকায় ঢুকে পড়ে।
সেখানে বিএসএফ তাকে আটক করে দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করে। তবে বিজিবি তাতে বাধা দেওয়ায় দীর্ঘ সময় চলে পুশইন-পুশব্যাক নাটক। একপর্যায়ে বিএসএফ তাকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। পরে জয়নবের মা নাজমা বেগম সীমান্তে গিয়ে মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করলে বিজিবি পতাকা বৈঠকের উদ্যোগ নেয়।
শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে সীমান্তের ৯৪৩ নম্বর মেইন পিলারের কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কাশিপুর বিওপির সুবেদার ইব্রাহিম। বৈঠক শেষে জয়নবকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে ফেরত নেওয়া হয়।
কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক বলেন, ‘বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক শেষে শিশুটিকে আমাদের উপস্থিতিতে তার বাবা-মায়ের কাছে তুলে দেওয়া হয়েছে।’
আপনার মতামত লিখুন