বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় লোকালয়ে চলে আসা বিশাল একটি অজগর সাপ মাছ ধরার জালে আটকা পড়েছে। ৯ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের সাপটি উদ্ধার করার পর বিকেলে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ।
সোমবার (১৩ জুলাই) সকালে মোড়েলগঞ্জ উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামের মজিবর রহমান হাওলাদার তার বাড়ির পাশের খালে পেতে রাখা ‘বুছনা জাল’ তুলতে গিয়ে সাপটি দেখতে পান। পরে রাসেল কবিরাজ নামের স্থানীয় এক ব্যক্তি অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। বিশালাকার সাপটি দেখার জন্য ওই এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে যায়।
খবর পেয়ে সুন্দরবনের গুলিশাখালি টহল ফাঁড়ির বনরক্ষীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি তাদের জিম্মায় নেন। এদিন বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালি টহল ফাঁড়ি সংলগ্ন বনে অজগরটি অবমুক্ত করা হয়।
সুন্দরবনের গুলিশাখালি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, সম্ভবত শিকারের খোঁজে বা পথ হারিয়ে অজগরটি সুন্দরবন থেকে লোকালয়ে চলে এসেছিল। গ্রামবাসীর জালে সাপটি আটকা পড়লেও কোনো ক্ষতি হয়নি। বন বিভাগের তত্ত্বাবধানে সেটিকে আবারও নিরাপদ পরিবেশে প্রাকৃতিক আবাসে (সুন্দরবনে) ফিরিয়ে দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন