ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তেমুহনী বাজারে জলাবদ্ধতা নিরসন ও টেকসই ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। রোববার (১৯ জুলাই) সকালে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী বাজারে এই কর্মসূচি পালন করা হয়।
পাঁচগাছিয়া বাজারের ব্যবসায়ী ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও মওদুদ আহমেদ রনির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, স্থানীয় জামায়াত নেতা জাহাঙ্গীর আলম, সাংবাদিক শাহজালাল ভূঁইয়া, মাদ্রাসাশিক্ষক মাওলানা আবদুল হান্নান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক নির্মাণের সময় রাস্তার পাশের ড্রেনগুলো ভরাট হয়ে যায়। এরপর নতুন কোনো ড্রেনেজ ব্যবস্থা গড়ে না তোলায় সামান্য বৃষ্টিতেই বাজারে হাঁটুসমান পানি জমে যায়। এতে ক্রেতা ও শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘদিনের এই সমস্যার কথা স্থানীয় প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো সুরাহা মেলেনি।
ব্যবসায়ীরা জানান, বাজারে পানি জমে থাকায় ক্রেতারা আসতে পারছেন না, ফলে তারা আর্থিক লোকসানের মুখে পড়েছেন। পচা পানির দুর্গন্ধে এলাকার পরিবেশও দূষিত হচ্ছে। দ্রুত ড্রেন নির্মাণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আপনার মতামত লিখুন