যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুল দাবি করেছেন, তার মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যা ‘সিজোফ্রেনিয়া’ নামক মানসিক রোগে আক্রান্ত। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এক ভিডিও বার্তায় তিনি এই দাবি করেন। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ‘অনন্যার বেপরোয়া আচরণ’ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মারধরের অভিযোগে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ ও ভাঙচুর করে স্থানীয়রা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘জামায়াত মিডিয়া উইং’-এর একটি পোস্টে জানানো হয়েছে, মেহজাবিন জান্নাত অনন্যা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তিনি ভারতের হায়দরাবাদসহ দেশের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা নিয়েছেন। ওই পোস্টে অনন্যার চিকিৎসার কিছু নথিপত্রও সংযুক্ত করা হয়েছে। পোস্টে অভিযোগ করা হয়, একজন অসুস্থ নারীর বিরুদ্ধে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ইন্ধনে ‘মব’ উসকে দেওয়া হচ্ছে এবং বাড়িতে হামলা চালানো হয়েছে।
নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এমপি গোলাম রসুল বলেন, বাড়ির পাশের একটি মাদ্রাসায় যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। রাস্তাটি তাদের নিজস্ব জমিতে হলেও সেটি সব সময় সচল রাখা নিয়ে তার মেয়ের সঙ্গে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়।
মেয়ের অসুস্থতার কথা উল্লেখ করে গোলাম রসুল বলেন, ‘আমার মেয়ে মানসিক রোগী। ভারতের হায়দরাবাদ ও দেশের বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা করানো হয়েছে। আজ সকালে আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।’
নিরাপত্তাহীনতার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি বর্তমানে অত্যন্ত ভীত ও সন্ত্রস্ত। বাড়িতে গানপাউডার এনে রাখা হয়েছে। যেকোনো সময় আমার বাড়িতে আগুন দেওয়া হতে পারে বলে আমি আশঙ্কা করছি।’
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, সকালের উত্তপ্ত পরিস্থিতির পর বর্তমানে এমপির বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন