সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও মাদকমুক্ত গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চুয়াডাঙ্গায় চালক, সুপারভাইজার ও হেলপারদের ‘ডোপ টেস্ট’ কার্যক্রম শুরু হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে এবং জেলা পরিবহন মালিক সমিতির সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
চুয়াডাঙ্গা সরকারি হাসপাতালে পর্যায়ক্রমে জেলার বিভিন্ন রুটে চলাচলকারী দূরপাল্লার যাত্রী পরিবহনের চালক ও সংশ্লিষ্ট কর্মীদের এই পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষায় কেউ মাদকসেবী হিসেবে শনাক্ত হলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক চাকরিচ্যুতিসহ প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছে। এর মধ্যে রয়েছে:
দূরপাল্লার বাসে নির্ধারিত সময় পরপর চালক পরিবর্তন নিশ্চিত করা।
পর্যাপ্ত বিশ্রাম ছাড়া কোনো চালককে দীর্ঘ সময় একটানা গাড়ি চালাতে না দেওয়া।
শারীরিক ও মানসিক সক্ষমতা নিশ্চিত করে তবেই চালককে দায়িত্ব দেওয়া।
অসুস্থ বা ক্লান্ত অবস্থায় কোনো চালককে যানবাহন পরিচালনা করতে না দেওয়া।
অতিরিক্ত গতি ও বেপরোয়া ড্রাইভিং পরিহার করে ট্রাফিক আইন কঠোরভাবে অনুসরণ করা।
পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের মাধ্যমে নিয়মিত তদারকি নিশ্চিত করা।
জেলা পুলিশ সূত্র জানায়, মাদকাসক্ত অবস্থায় যানবাহন চালানো জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিরাপদ সড়ক নিশ্চিত করতে নিয়মিত ডোপ টেস্ট ও পরিবহন খাতে প্রয়োজনীয় তদারকি অব্যাহত থাকবে। পুলিশ সব পরিবহন মালিক, শ্রমিক ও চালকদের মাদকমুক্ত থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি একটি শৃঙ্খলপূর্ণ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
আপনার মতামত লিখুন