মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় একটি খাল পুনঃখনন প্রকল্প শেষে উদ্বৃত্ত ১ কোটি ২২ লাখ ২ হাজার ১৫৬ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। বুধবার (২৯ জুলাই) ট্রেজারি চালানের মাধ্যমে এই অর্থ ফেরত দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ‘দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন’ কর্মসূচির আওতায় এ প্রকল্প বাস্তবায়িত হয়। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর মাধ্যমে সাটুরিয়া ও বালিয়াটি ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত ৬ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ চন্দ্রখালী খাল পুনঃখননে ২ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৬২৩ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।
প্রকল্প শেষে দেখা যায়, খালের কাজ শতভাগ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার পর মোট ব্যয় হয়েছে ১ কোটি ৬১ লাখ ২৬ হাজার ৪২৬ টাকা। ফলে বরাদ্দের অতিরিক্ত ১ কোটি ২২ লাখ ২ হাজার ১৫৬ টাকা সাশ্রয় হয়, যা ২৯ জুলাই সরকারি তহবিলে জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১১ মে বিকেলে গাজীখালী নদী সংলগ্ন স্থানে এই প্রকল্পের পুনঃখনন কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। সরকারি প্রকল্পের কাজ শেষে বড় অঙ্কের অর্থ সাশ্রয় করে কোষাগারে ফেরত দেওয়ার এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ‘প্রকল্পের কাজ শতভাগ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। কাজ শেষে সাশ্রয় হওয়া অতিরিক্ত টাকা নিয়ম অনুযায়ী সরকারি তহবিলে জমা দেওয়া হয়েছে।’
আপনার মতামত লিখুন